
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে আসনটিতে উপনির্বাচন হবে।
শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ত্রয়োদশ সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী তাঁর আসনটি শূন্য হয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।
ফলে নির্বাচন কমিশন আগামী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট সম্পন্ন করবে।
এরই মধ্যে শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



-9dc328.jpeg)




