সরকারের সাফল্য ১৫০ টাকার লাঞ্চ ও ফ্যামিলি কার্ড: মঞ্জু
স্ট্রিম ডেস্কঢাকা

জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫০ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১-দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন মঞ্জু। প্রশ্ন রেখে তিনি বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারকারী বিএনপির কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ। যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াবে না বলে বৃদ্ধি করে, দলীয়করণ করবে না বলে করে; জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে?
এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে-ক্ষোভে মানুষ অশ্লীল গালিগালাজেও দ্বিধা করছে না।
সমাবেশে বক্তৃতা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ, বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক প্রমুখ।







