টিএসসিতে সাধক-কবি মাতাল রাজ্জাক দেওয়ানের ৯৩তম জন্মোৎসব
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে উদযাপিত হচ্ছে সাধক ও কবি মাতাল রাজ্জাক দেওয়ানের ৯৩তম জন্মবার্ষিকী ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঢাবিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘হারিকেন’-এর উদ্যোগে এই আয়োজন শুরু হয়। এতে রাজ্জাক দেওয়ানের পরিবারের সদস্য, শিষ্য, সংগীতশিল্পী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত-অনুরাগীরা অংশ নেন।
অনুষ্ঠানে মাতাল রাজ্জাকের জীবন, ভাবদর্শন ও সংগীত নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর সহধর্মিণী নাসিমা দেওয়ান। তিনি বলেন, ‘আমি পড়তে-লিখতে জানি না। আমার একমাত্র পড়ালেখা ছিল মাতালের সেবা করা, যা আমি আজীবন করে গেছি। আজ মাতাল নেই, কিন্তু তাঁর গান আছে। প্রতি বছর আমাদের বাড়িতে মাতালের গানের আয়োজন হলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি হওয়ায় আমি আনন্দিত।’
মাতাল রাজ্জাকের শিষ্য আব্দুল হাই দেওয়ান বলেন, ‘আমার বাবা (গুরু) মাতাল রাজ্জাককে নিয়ে আয়োজন হচ্ছে জেনে দূর থেকে ছুটে এসেছি। তিনি শক্ত কথা বলে গেছেন বলেই দেশ-বিদেশে তাঁকে নিয়ে কথা হয়। তিনি গানের মাধ্যমে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
সন্ধ্যার পর থেকে মাতাল রাজ্জাকের রচিত গানের আসর বসে। অনুষ্ঠানে অংশ নেওয়া উত্তরা এলাকার শ্রোতা নাঈম হোসেন জানান, মাতালের গান মানুষের ধর্মভাবনা, বিরহ ও যাপনের প্রতিফলন ঘটায়। এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ে আরও আগে হওয়া দরকার ছিল।
আয়োজক সংগঠন ‘হারিকেন’-এর সংগঠক মাহবুব খালাসি বলেন, ‘বাংলার বাউল, ফকির ও মহাজনদের দর্শন নিয়ে কাজ করার আগ্রহ থেকেই হারিকেন প্ল্যাটফর্মের এই উদ্যোগ।’
সংগীতশিল্পী বগা তালেব বলেন, মাতাল রাজ্জাকের মতো বড় মাপের মানুষকে নিয়ে আয়োজন করতে পারাটাই আমাদের জন্য আনন্দের।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আকাশ গায়েন, খোকন চিশতী, মারুফ মৃন্ময়, বগা তালেব, নবীন কিশোর গোস্বামী ও আধারী মিলনসহ মাতালের শিষ্য ও ভক্তবৃন্দ।
.png)



-06f111.jpeg)

-78ae87-256x144.webp)

