
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তরা আল-আমিন সৈকত (৪০) নামের সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে।
রোববার (২৩) আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে ঘটনাটি ঘটে।
নিহতের শ্যালক মোহাম্মদ বাকিবিল্লাহ জানান, রাত ১২টার দিকে ভৈরবের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল আমিন। পরে অজ্ঞাত ৪-৫ জন তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আল-আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
.png)




-2269a6-256x144.webp)

