আটকে পড়া শিশু উদ্ধারে মিলল মায়ের লাশ, লাপাত্তা বাবা
স্ট্রিম সংবাদদাতাজামালপুর

জানালা দিয়ে দুই শিশু মানুষের কাছে অনবরত পানি চাইছে। তারা সেখানে আটকা পড়েছে– ধারণা থেকে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে শিশুদের উদ্ধারে গিয়ে মায়ের লাশ পেয়েছে।
জামালপুর শহরের ভাড়াবাসা থেকে রোববার (২৩ আগস্ট) সকালে গৃহবধূ ইসরাত জাহানের (৩৪) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ পলাতক।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী ঘটনার পর থেকে পলাতক থাকায় সন্দেহ জোরালো হচ্ছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইসরাত জাহান শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী কাউসার আহম্মেদ শাওনের বাড়ি বকশীগঞ্জে। শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয় তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন কাউসার।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইতে থাকে। সেখানে তারা আটকা পড়েছে– ধারণা থেকে লোকজন গিয়ে ফ্ল্যাটের মূল দরজা তালাবদ্ধ পান। পরে জরুরি সেবা ৯৯৯–এ জানালে পুলিশ এসে তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে শিশুদের উদ্ধার করে। একপর্যায়ে সেখানে তাদের মায়ের লাশ পান।
.png)






