জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সেনাবাহিনীতে বড় রদবদল, নতুন সিজিএস মাইনুর রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। এর মধ্যে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। রদবদলে পদোন্নতি পেয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

সূত্র জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে (আর্টডক) কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনা সদর দপ্তরের সিজিএস করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। একইসঙ্গে তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও নিয়োগ দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সেনাবাহিনীর অন্যান্য পর্যায়ের রদবদলের মধ্যে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। আর ইবিআরসির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বদল আসছে ডিজিএফআই নেতৃত্বে

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ওপরের পদগুলোর বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদেও পরিবর্তন করা হচ্ছে। ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। তাঁর জায়গায় এম অ্যান্ড কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সংস্থাটির নতুন মহাপরিচালক করা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত