জেলের জালে ৪১ কেজির বাঘাইড়, ৫৩ হাজারে বিক্রি
স্ট্রিম সংবাদদাতামানিকগঞ্জ

মানিকগঞ্জে জেলের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বিপন্ন প্রজাতির এই মাছ স্থানীয় বাজারে ৫৩ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে দৌলতপুর বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসেন জেলেরা। সেখানে ওজন করে দেখা যায় ওজন ৪১ কেজি।
স্থানীয় হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল জানান, জেলে আসিফ মিয়া, ওহাব মোল্লা ও মতিন শেখ যমুনা নদীতে মাছটি ধরেন। পরে বাঘুটিয়া চর এলাকার সৌদিপ্রবাসী জাকির হোসাইন মাছটি কিনে নেন। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে দাম হয় ৫৩ হাজার ৩০০ টাকা।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী জানান, বন অধিদপ্তরের পক্ষ থেকে বাঘাইড় মাছ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির জানান, যমুনা নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ার খবর তিনি পেয়েছেন। বন অধিদপ্তর মাছটিকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। তবে মৎস্য অধিদপ্তরের কোনো প্রজ্ঞাপনে এ মাছ ধরা বা বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হয়নি। ফলে এ ঘটনায় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে বাঘাইড় মাছ ধরতে জেলেদের নিরুৎসাহিত করা হয়।
.png)






