প্রাথমিক কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় ও ম্যাথ ল্যাব: প্রতিমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

শিক্ষা কারিকুলামে ‘সায়েন্স টয়’ এবং ‘ম্যাথ ল্যাব’ যুক্ত হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিশুরা বই পড়ে নয়, হাতে-কলমে ও খেলার ছলে বিজ্ঞান শিখবে। এজন্যই প্রাথমিক কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ অনুষ্ঠানে এসব কথা বলেন ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিকে বিজ্ঞান, গণিত, ডিজাইনসহ সৃজনশীলতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুদের আকার-আকৃতি, গুণ-ভাগ, যোগ-বিয়োগসহ গণিতের মৌলিক ধারণা শেখানো হবে।
‘ম্যাথ ল্যাব’ চালুর কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক শিশুর মৌলিক পড়ালেখা ও গণিতের দক্ষতা নিশ্চিত করা দরকার, যাতে উচ্চতর শ্রেণিতে তারা বড় ধরনের সমস্যার মুখে না পড়ে। আগামী ১৬ আগস্ট প্রথমবার বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি উদ্বোধন হবে বলেও জানান তিনি।
মিড-ডে মিল নিয়ে সমালোচনা প্রসঙ্গে ববি হাজ্জাজ জানান, পাইলট এই প্রকল্পের ত্রুটি চিহ্নিত করে তারা সংশোধনের উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)






