প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। তিনি বলেন, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এজন্য ভারতের কাছে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার আসামিদের হস্তান্তর করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র। তিনি বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

শহীদুল করিম বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা তাদের (ভারত) জবাবের অপেক্ষায় রয়েছি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। তিনি নিজে ভারতে এবং দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা দেশটিতে অবস্থান করছেন। ইতোমধ্যে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংরাদেশ। ভারত বলেছে, বিষয়টি তাদের প্রচলিত আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী হত্যার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, হাদি হত্যা মামলার তিন আসামিকে ভারত থেকে ফেরত আনতে প্রয়োজনীয় নথিপত্র দেশটির কাছে পাঠানো হয়েছে। আসামিদের মধ্যে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রয়েছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে সেখানে আইনি প্রক্রিয়া চলায় প্রত্যর্পণ কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীদেরসহ অন্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের ‘বাংলঅদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) নীতি অনুসরণ করব।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে ভারতে নিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন। এই মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফর আয়োজনের জন্য সম্ভাব্য তারিখও বাংলাদেশকে প্রস্তাব করেছে ভারত। বিষয়টি নিয়ে দুদেশের আলোচনা চলছে। এরই মধ্যে রোববার বাংলাদেশ কার অবস্থান জানাল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত