কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কাঁচামাল-যন্ত্রসহ গ্রেপ্তার ৪
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর কেরানীগঞ্জ থেকে ইয়াবা, মাদকটি তৈরির কাঁচামাল, যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. আলমগীর (৪০), আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। তাদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্য পেয়ে ইয়াবা তৈরি ও কেনা-বেচার ওই আস্তানায় অভিযান চালানো হয়। পরে ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল ও যন্ত্র এবং ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে নিজেরা ইয়াবা উৎপাদন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)






