পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়, ৬৫ হাজারে বিক্রি
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ৩৫ কেজির একটি বাঘাইড় মাছ। রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট মাছের আড়তে মাছটি নিয়ে আসেন জেলে মো. খলিল। পরে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট।
জেলে খলিল বলেন, রাতে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলি। সকালের দিকে জাল টানার সময় মনে হয় বড় মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে বিশাল সাইজের বাঘাইড় মাছটি পাই। ফেরিঘাটে মাছের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ৩৫ কেজি। পরে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৫৯ হাজার ৫০৯ টাকায় কেনা হয়। পরে তিনি আরেক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৬৪ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছেন।
.png)






