
সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে অভিনন্দন জানান গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
বিবৃতিতে তারা বলেন, বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ সময় ধরে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ৩৯টি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলন এবং ছাত্র-শ্রমিক-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই-সংগ্রামেও রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশা জানিয়ে নেতারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জাতীয় পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রপ্রধানের পদে আসীন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন।
.png)






