
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাঁর সৎবাবা আজাহারুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
তিনি জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর মা রান্নার কাজ করেন। আগের সংসারে তাঁর দুই মেয়ে রয়েছে। সাত বছর আগে আজাহারুলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে আজাহারুল কৌশলে তাঁর দুই সৎমেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। রাত চারটার দিকে আজাহারুল তাঁর স্ত্রীর হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে এবং মুখে টেপ পেঁচিয়ে দেন। পরে বড় মেয়ের কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ছোট মেয়ে মায়ের হাতের বাঁধন খুলে দিলে তিনি বড় মেয়েকে উদ্ধার করেন। পরে কিশোরী জানায়, এর আগেও একাধিকবার তাকে ধর্ষণ করেছেন আজাহারুল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানির পর বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় লোকজন আজাহারুলকে মারধর করেন। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে থানায় নেওয়া হয়।
ওসি জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






