
কক্সবাজারের উখিয়ায় শূন্যরেখার মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বৃহস্পতিবার সকালে বদি আলমসহ তিনজন নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে গেলে সেখানে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে বদি আলম গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ও শরীরের ডান পাশেও গুরুতর আঘাত লাগে।
সঙ্গী ও স্থানীয়রা দ্রুত বদিকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৮ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরেক বাংলাদেশি আহত হন।
বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত ও ৩১ জনের বেশি আহত হয়েছেন।
.png)






