
ইরানের রাজধানী তেহরানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
শনিবার (৪ জুলাই) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজ তাঁদের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে জানিয়েছে, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে বৈঠকে উল্লেখ করেন মুত্তাকি। তিনি এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার আহ্বানও জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদারে সহায়ক হবে।
ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তেহরানে অবস্থান করছেন হাফিজ উদ্দিন আহমদ। শনিবার তিনি খামেনির কফিনে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান।
এর আগে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন স্পিকার। একই দিন তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন।
.png)






