ধনী ও করপোরেটদের কর ফাঁকি রোধে নজরদারি জোরদার: অর্থমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ধনী ব্যক্তি ও করপোরেটদের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, ঝুঁকিভিত্তিক নিরীক্ষা ও তথ্যবিনিময় ব্যবস্থা জোরদার করছে সরকার।
আজ রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের পৃথক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান ও উচ্চ আয়ের ব্যক্তিদের কর ফাঁকি বন্ধে বিশেষ কৌশল নেওয়া হয়েছে।
আমির খসরু বলেন, কর আদায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে করপোরেট করদাতাদের জন্য ইলেকট্রনিক রিটার্ন (ই-রিটার্ন) ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে করদাতাদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ চলছে।
তিনি বলেন, কোনো খাত থেকে কত রাজস্ব আদায় হওয়ার কথা, তা যাচাই করতে শিল্পভিত্তিক গড় সূচক ব্যবহার করে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অনলাইনে উৎসে কর কর্তন ব্যবস্থার আওতা বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)






