বকেয়া বেতন পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ, গাজীপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতাটঙ্গী (গাজীপুর)

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাওনা বেতন দেওয়ার কথা বলে এক নারী শ্রমিককে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর শ্রমিক নেতা শফিউল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
সোমবার (২৪ আগস্ট) বাসন থানায় মামলা করেন ভুক্তভোগী। এতে গ্রেপ্তার শফিউল আলম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী প্রায় পাঁচ বছর কোনাবাড়ী এলাকার কেয়া কসমেটিকস লিমিটেডে সুইচিং অপারেটর হিসেবে কাজ করেছেন। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন। পরে প্রতিষ্ঠানটির কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে শ্রমিক নেতা শফিউল আলমের কাছে লিখিত অভিযোগ করেন।
এ দিকে গত রোববার (২৩ আগস্ট) রাতে শফিউল ফোনে ওই নারীকে জানান, তাঁর পাওনা টাকা তুলে নিজের কাছে রেখেছেন। টাকা নিতে তাঁকে দ্রুত চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁর কার্যালয়ে যেতে বলেন।
এজাহারে অভিযোগ করা হয়, রোববার রাতে শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে শফিউলের কাছ থেকে টাকা চান ওই নারী। এ সময় শফিউল তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। মামলার পর চান্দনা এলাকায় অভিযান চালিয়ে শফিউল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে আসামি শফিউল আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।’
.png)






