রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মুয়াজ্জিনের
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি বর্তমানে ওই মসজিদেই থাকতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামে।
শাজাহানপুর থানার এসআই প্রাণজিৎ মণ্লড জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়, গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
নিহতের ভাই বকুল জানান, গতরাতে বাড্ডায় একজনের সঙ্গে দেখা করতে যান মাসুম বিল্লাহ। বাসায় ফেরার পথে ফ্লাইওভারের ওপর কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
.png)






