
বুদ্ধিজীবী ও লেখক আবুল কাসেম ফজলুল হকের স্মরণে বিশেষ সভা করেছে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য আড্ডার আসর ‘বীক্ষণ’। শুক্রবার (১৭ জুলাই) তাদের ২২১০তম আসরে ‘আবুল কাসেম ফজলুল হক মৃত্যু থেকে অমরতায়’ শিরোনামের সভা হয়।
সভায় আলোচকেরা আবুল কাসেম ফজলুল হকের ইতিহাসচেতনা, রাজনৈতিক চিন্তাধারা এবং গদ্যের অনন্য শৈলী নিয়ে আলোচনা করেন।
তাঁর ছাত্র ও কবি চঞ্চল আশরাফ বলেন, ‘আবুল কাসেম ফজলুল হক ইতিহাসকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতেন না। তিনি ইতিহাসকে পড়তেন ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে।‘
আরেক ছাত্র ও রাজনৈতিক কর্মী রাশেদ শাহরিয়ার বলেন, ‘দেখা হলেই স্যার ডাকতেন, কথা বলতেন এবং রাজনৈতিক পরিসরে কী করছি তা জানতে চাইতেন। তিনি সব সময় তরুণদের উৎসাহ দিতেন।‘
কবি ও সাংবাদিক হাসান জামিল তাঁর আলোচনায় আবুল কাসেম ফজলুল হকের গদ্যের শৈলী এবং দীর্ঘদিনের রাজনৈতিক দলিল ‘আটাশ দফা’ নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘আবুল কাসেম ফজলুল হকের সমস্ত লেখালেখি মানুষাভিমুখী। তিনি সাহিত্য শুধু সৃষ্টির জন্য লেখেননি; বরং শ্রেয়োবোধ এবং সমাজের জন্য কিছু অবদান রাখার জন্য লিখেছেন। সেই কারণে তাঁর গদ্য অত্যন্ত সাদাসিধে। অভিধান ঘেঁটে সারা জীবনে একটি শব্দও লেখেননি।‘
অধ্যাপক গাউসুর রহমানের সভাপতিত্বে বীক্ষণের এই স্মরণসভা সঞ্চালনা করেন কবি তারিকুল ফেরদৌস। সভায় বক্তব্য রাখেন বীক্ষণ আহ্বায়ক কবি এহসান হাবীব, কথাসাহিত্যিক সাখাওয়াত বকুল এবং কবি সাঈদ ইসলাম। আমন্ত্রিতদের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শোকসভা শেষ হয়।
.png)






