পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা করায় ৩ যুবককে দণ্ড
স্ট্রিম সংবাদদাতাচুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলা ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন, হাইওয়ে ফিলিং স্টেশনটিতে তেল নেওয়ার সময় ওই তিনজন বিশৃঙ্খলা শুরু করেন। এই অপরাধে দণ্ডবিধির ১৮৮ ধারায় চুয়াডাঙ্গা সদরের মানিকদি গ্রামের আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, জেলার ২২টি পাম্পে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
আজ অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান ও সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম।
.png)






