নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আটটার দিকে সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল আহমেদ (৩৫) শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
জানা যায়, আহত বুলবুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ জানিয়েছেন, বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় ‘কিশোর গ্যাং লিডার’ শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়। সেই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের ওপর হামলা চালায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’ শাহী মসজিদ এলাকার শেখ শাহীনের ছেলে।
এ বিষয়ে জানতে শেখ সিফাতের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকান্ডটি ঘটেছে বলে জেনেছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছেন নিহতের পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.png)






