সম্পর্কের উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
বৈঠকে আশা করা হয়, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একইসঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে দিতে ব্যবস্থা নেবে দিল্লি।
স্ট্রিম প্রতিবেদকঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানিয়েছেন।
শুরুতে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন হাইকমিশনার।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন দুজন। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একইসঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে দিল্লি ব্যবস্থা নেবে।
আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর দেড় মাসের মাথায় সরকারপ্রধানের সঙ্গে প্রথম বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী। গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই গতকাল রোববার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এরপর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন তিনি।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দেয় সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)




-78ae87-256x144.webp)

