
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন অ্যাটমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সকালে কাজ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)






