
৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের সবুজ লনে এই আয়োজন করা হয়।
মো. সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবসের কেক কাটেন এবং ফটোসেশনে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া মন্ত্রিসভার সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও ছিলেন বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা। বিশেষ সম্মাননা হিসেবে বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারাও এই সংবর্ধনায় যোগ দেন। শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকসহ গণমাধ্যম ব্যক্তিত্বও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
.png)






