টেকনাফে ইউপি সদস্যকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা
স্ট্রিম সংবাদদাতাকক্সবাজার সংবাদদাতা

দুর্নীতির মামলায় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। অবৈধভাবে ২ কোটি ৭১ লাখ টাকার সম্পত্তি অর্জন এবং দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। দুদকের পিপি মোকাররম হোসাইন রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের এপ্রিলে সম্পদ বিবরণী দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা জমা দেননি নুরুল হুদা। অনুসন্ধানে তার ২ কোটি ৯০ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার বিপরীতে বৈধ আয় ছিল মাত্র ১৯ লাখ টাকা। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত নুরুল হুদার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণসহ মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে টেকনাফ থানাতেই ১৬টি মাদক ও ৪টি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা এ ইউপি সদস্যকে সম্প্রতি এক বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
.png)






