জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

পুরো নির্বাচনে ২১.৪% জাল ভোটের তথ্য টিআইবি দেয়নি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

টিআইবির সংবাদ সম্মেলন। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।

এতে বলা হয়, টিআইবির ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

টিআইবি জানায়, মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনা হিসেবে ৭০টি আসন নির্বাচন করেছিল তারা। এর মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোটের তথ্য পাওয়া গেছে। কিন্তু এই তথ্যকে ‘পুরো নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়েছে’– এভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।

সংস্থাটির ভাষ্যে, যেসব গণমাধ্যম ইতোমধ্যে এই তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের অতিদ্রুত যথাযথ সংশোধনী প্রকাশের জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে।

গণমাধ্যমকে দ্রুত ভুলটি সংশোধন করে বিভ্রান্তি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত