এআই হতে পারে উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি: বিশ্বব্যাংক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০: ০৭
এআই উন্নয়নশীল দেশগুলোর জন্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। স্ট্রিম ছবি
এআই উন্নয়নশীল দেশগুলোর জন্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। স্ট্রিম ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোর জন্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের এক বিরল সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। উপযুক্ত নীতি ও অবকাঠামো নিশ্চিত করা গেলে এক দশকেই এক শতাব্দীর সমান অগ্রগতি সম্ভব।

গত মঙ্গলবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬: দ্য প্রমিজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাওয়া উন্নয়নশীল অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে এআই গতি আনতে পারে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বর্তমানে ৪ দশমিক ৫ শতাংশ চাকরি জেনারেটিভ এআইয়ের কারণে স্বয়ংক্রিয় হওয়ার ঝুঁকিতে থাকলেও ১৬ দশমিক ২ শতাংশ চাকরিতে উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ রয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের জ্যেষ্ঠ সহসভাপতি ও প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর সুবিধা নিতে বিশাল ডেটা সেন্টার বা বড় ভাষা মডেল নির্মাণের প্রয়োজন নেই। স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছোট ও স্বল্পব্যয়ী এআই টুল ব্যবহার করেই স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিচারিক সেবা ও কৃষিতে উন্নত সেবা পৌঁছে দেওয়া সম্ভব।’ তবে বিলম্ব না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট, স্থানীয় ডেটা এবং দক্ষ জনশক্তির ঘাটতি থাকলে এআই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উন্নয়ন বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে। তাই প্রথমে বিদ্যমান প্রযুক্তি গ্রহণ, পরে স্থানীয় চাহিদানুযায়ী অভিযোজন এবং দীর্ঘমেয়াদে নিজস্ব এআই সক্ষমতা গড়ে তোলার তিন ধাপের কৌশল প্রস্তাব করেছে বিশ্বব্যাংক।

ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬-এর পরিচালক পরিচালক গৌরব নায়্যার বলেন, ‘এআই এমন একটি সুযোগ, যা প্রজন্মে হয়তো একবারই আসে। যেসব দেশ এখনই বিদ্যুৎ সংযোগ, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করবে, তারাই ভবিষ্যতে প্রযুক্তিগত সুবিধা পাবে।’ একই সঙ্গে জনআস্থা বজায় রাখতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা ও নীতিগত সমন্বয়ের সুপারিশ করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত