পাবনায় সাদা-কালো পতাকা নিয়ে মিছিল, ‘থেকেও নেই’ পুলিশ
স্ট্রিম সংবাদদাতাপাবনা

বিশেষ ক্যালিগ্রাফিতে কালেমা খচিত সাদা-কালো পতাকা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে পাবনায় একই ধরনের পতাকা নিয়ে মিছিল করেছে একটি দল। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক থেকে ‘পাবনার তরুণ আলেম ও ছাত্র-জনতা’র ব্যানারে মিছিলটিতে ৫০ থেকে ৬০ জনের মতো অংশ নেন।
ওই সময় মিছিলের সঙ্গে এবং সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে দাবি করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের ট্রাফিক মোড় শহীদ চত্বর এলাকা থেকে অর্ধশতাধিক মানুষ মিছিলটি বের করে। তাঁদের হাতে ছিল সম্প্রতি দেশজুড়ে ছড়িয়ে পড়া কালেমা লেখা সাদা ও কালো রঙের বেশ কিছু পতাকা। মিছিলটি শহরের বাণী সিনেমা মোড় ঘুরে আবার উল্টো দিকে চলে যায়।
মিছিল থেকে বিভিন্ন স্লোগানের পাশাপাশি গাইবান্ধায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা এবং রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে কালেমা সংবলিত সাদা-কালো পতাকা নামিয়ে ফেলার প্রতিবাদ জানানো হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় থাকা পুলিশ সদস্যের পাশাপাশি মিছিলের সঙ্গে বাহিনীটির সদস্যদের এগোতে দেখা গেছে। তবে তাদের কোনো সক্রিয়তা দেখা যায়নি। যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছে পুলিশ প্রশাসন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো মিছিলের বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারব।’
পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, ‘আজকের মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আর শহীদ চত্বরে কালেমা সংবলিত পতাকা ঝুলিয়ে রাখার বিষয়টিও জানা ছিল না। বিষয়গুলো নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে একে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতার পরিকল্পনা থাকলে তা কঠোরভাবে রুখে দেওয়া হবে।’
.png)






