দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
গ্যাস সংকটের সঙ্গে বেড়েছে লোডশেডিং। কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। মানুষ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে এই নির্দেশনা দিল সরকার।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মামুন ভূঁইয়ার সই করা চিঠিতে বলা হয়, সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, এই আদেশ মেনে চলার বিষয়ে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে গত ২ এপ্রিল সরকার দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তা ৭টা পর্যন্ত করা হয়।
পরের মাসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা দোকান খোলা রাখার দাবি তুললে ১২ মে থেকে দেশের শপিং মল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় সরকার। ঈদের পর গত ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।
.png)






