ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৯: ১১
এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: পিআইডি
এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: পিআইডি

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। নীতিগত বা চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে কেবল প্রাথমিক আলোচনা হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন ও প্রশিক্ষণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। সে জন্য ক্রস-বর্ডার এডুকেশন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।’

তিনি জানান, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করছে।

জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর আলোচনায় অংশ নেন মার্কোপোলো এআই-এর সিইও তাসফিয়া তাসনিম, বিডি জবসের সিইও এ কে এম ফাহিম মাশরুর, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ এবং বাংলাদেশের চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।

পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজিবিষয়ক জাতীয় কনফারেন্সেও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ। এর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।’

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে এসডিজি কনফারেন্সে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক শিক্ষা মন্ত্রণালয়ের এসডিজিসংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা ও অগ্রগতি উপস্থাপন করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত