খিলগাঁওয়ে পিটিয়ে জখম, ‘মব’ করে হত্যাচেষ্টার অভিযোগ স্ত্রীর
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
আজ রোববার সকালে পুলিশ রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও চাকু উদ্ধারের দাবি করলেও, পরিবার বলছে এই অস্ত্রগুলো ষড়যন্ত্রমূলকভাবে হামলাকারীদেরই দেওয়া।
আহত ব্যক্তির স্ত্রী তারিন নিজেকে ‘দৈনিক ইত্তেফাক’-এর সংবাদকর্মী পরিচয় দিয়ে বলেন, ‘পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরাই তাকে অস্ত্র দিয়েছে, নিজের কাছে অস্ত্র থাকলে তিনি নিজের জীবন বাঁচাতে গুলি করতেন।’
তিনি আরও জানান, ইট-বালুর ব্যবসা নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল এবং আগেও হুমকি দেওয়া হয়েছিল।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আহত সোহেলের নামে আগে কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।
.png)






