
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কিংফেং ঝ্যাং। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব গ্রহণ করেন।
এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, ঝ্যাং বাংলাদেশে এডিবির কার্যক্রম তদারকি ও দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করবেন। বিভিন্ন অংশীজনের সঙ্গে কৌশলগত নীতিগত সংলাপের নেতৃত্ব দেবেন। এ ছাড়া তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ পরিচালনা করবেন।
দায়িত্ব গ্রহণের পর কিংফেং ঝ্যাং বলেন, বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ এক পর্যায়ে দায়িত্ব পালন করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিস্থাপকতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু ও দুর্যোগসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে এডিবি।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভ করে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের সক্রিয় প্রকল্পের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এখন পর্যন্ত দেশের উন্নয়নে প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান দিয়েছে এডিবি।
.png)






