প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে, আগামী দিন ভালোই হবে: দীনেশ ত্রিবেদী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দুই দেশের সম্পর্কের আগামী দিন ভালো হওয়ার আশা ব্যক্ত করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই ভারতীয় হাইকমিশনারের প্রথম সরাসরি ও আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে।’
হাইকমিশনার জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো দুই দেশের অমীমাংসিত থাকে না, বসে সমাধান করা সম্ভব। তবে আলোচনার সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের হস্তান্তরের দাবি তোলা হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘দিল্লি থেকে আদালতের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবজ্ঞার শামিল। আমরা আশা করব, আমাদের রাষ্ট্রের কোনো সংস্থাকে তারা অবমূল্যায়ন করবেন না।’
কূটনৈতিক সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পর তৈরি হওয়া ভিসা সংক্রান্ত জটিলতা ও দ্বিপক্ষীয় টানাপোড়েন নিরসনে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকটি নতুন বার্তা বহন করছে।
.png)







