
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও এর উপসর্গে ৭৬ জন মারা গেল। একই সময় নমুনা পরীক্ষায় নতুন করে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন।
আজ শুক্রবার (১৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আজ সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বাড়ি সিলেটে, অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ মাস বয়সী আহিয়ান। অপরজন ৫ মাস বয়সী সায়হান নামে শিশুর মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত বিভাগে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ৩১, মৌলভীবাজারের ১০ ও হবিগঞ্জের ৬ জন রয়েছে।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন ভর্তি আছেন। এ ছাড়া বিভাগের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় মোট ৩২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ১৭৮ জন, সিলেটে ১০৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৬ জন রোগী রয়েছেন।
.png)






