জুলাই জাদুঘরের টিকিট নিয়ে বিশৃঙ্খলা, ফটক ভাঙচুর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

জাদুঘর দেখতে আসা দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত
জাদুঘর দেখতে আসা দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে বিশৃঙ্খলা হয়েছে। এ সময় ফটক ও আর্চওয়ে ভেঙে ফেলেন আগতরা।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টায় দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকেই টিকিট সংগ্রহের ভিড় জমতে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা কাউন্টারে ঢুকে পড়েন।

এরপর মূল ফটকের সামনে লোকজনের চাপ বাড়লে তালা ভেঙে প্রবেশের চেষ্টা হয়। একপর্যায়ে প্রধান ফটক ও মিউজিয়ামের ভেতরের নিরাপত্তার আর্চওয়ে ভেঙে অনেকে ঢুকে পড়েন। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই জাদুঘর উদ্বোধন করেন। ওইদিন সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত ছিল না। তবে বিকেলে কিছু দর্শনার্থী মিছিল করে গেট ঠেলে ভেতরে প্রবেশ করেন।

বিশৃঙ্খলার বিষয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সদ্যবিদায়ী মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ‘ছুটির দিন হওয়ায় ছয় হাজারের বেশি মানুষ জাদুঘরে এসেছিলেন। কিন্তু এত মানুষ একসঙ্গে সামাল দেওয়ার সক্ষমতা এখনো আমাদের নেই। ফলে কিছু বিশৃঙ্খলা হয়েছে।’

তিনি বলেন, ‘গত ৫ তারিখেও ৪০০-৫০০ মানুষ গেট খুলে ভেতরে প্রবেশ করেন। পরে অবশ্য তাঁরা জাদুঘর ঘুরে বের হয়ে যান।’

এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপের কথা জানিয়ে তানজিম ওয়াহাব বলেন, ‘আমরা টিকিট কাউন্টার বাড়াচ্ছি, যাতে দীর্ঘ লাইন তৈরি না হয়। আর গাড়ি প্রবেশের ১ নম্বর গেট সিলগালা করব—যেন কেউ গেট ভেঙে প্রবেশ করতে না পারে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত