‘রাশিয়ার হয়ে যুদ্ধে’ ৩০ বাংলাদেশি, ফেরানোর দাবি স্বজনের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনে ভুক্তভোগীদের স্বজনদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

রাশিয়ায় নির্মাণ ও কারখানার কাজের ভিসায় গিয়ে ‘জোরপূর্বক যুদ্ধে’ নিয়োজিত ৩০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। স্বজনদের অভিযোগ, সরকারি ছাড়পত্র নিয়ে রাশিয়ায় গেলেও সেখানে তাঁদের বাধ্য করা হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ নিতে।

রাশিয়ায় আটকে পড়া রিপন হোসেনের মা রিনা বেগম বলেন, ‘আমার ছেলে ও তাঁর বন্ধু ৭ তারিখ ওই দেশে পৌঁছান। এর তিন-চার দিন পর শেষ কথা হয়। এরপর তাঁদের কাজের কথা বলে জোরপূর্বক যুদ্ধের প্রশিক্ষণ নিতে নিয়ে গেছে। প্রশিক্ষণ চলাকালীন ওদের উদ্ধার করতে হবে, নয়তো আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না।’

বৈধভাবে যাওয়ার পরেও এমন প্রতারণার শিকার হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক ভুক্তভোগীর ভাই রায়হান কবির বলেন, ‘আমাদের ভাইদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র দিয়ে সরকারি নিয়মে রাশিয়া পাঠানো হয়। তাহলে কীভাবে প্রতারণার শিকার হলো? আমাদের কাছে এমন ১ হাজার মানুষের তথ্য আছে যাঁরা জিম্মি হয়ে যুদ্ধক্ষেত্রে আছেন। আমাদের একটাই দাবি, রাশিয়ার দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’

আরেক ভুক্তভোগী আরিফ হোসেনের বাবা স্বপন পাটোয়ারী বলেন, ‘রুজি করে আমাদের খাওয়াবে—এই আশায় ছেলেকে পাঠিয়ে আমরা বিপদে পড়ে গেছি। টাকা-পয়সার দরকার নেই, আমরা সন্তানকে ফেরত চাই।’

চাঁদপুরের বাসিন্দা কামাল হোসেনের আত্মীয় জলিল খান অভিযোগ করেন, এজেন্সির মালিক বলেছিলেন তাঁরা কোনো অবৈধ লোক পাঠান না। অথচ সেখানে যাওয়ার পর রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কামালের সঙ্গে সর্বশেষ ১২ মে কথা হয়। সে জানিয়েছিল, কাজের কথা বলে ধরে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা তো যুদ্ধে পাঠাইনি, কাজ না থাকলে আমাদের ছেলেদের ফিরিয়ে দিক।’

ভুক্তভোগী নাজমুল আলমের ভাই মো. লিয়াদ আলী শনিবার রাতে পাওয়া একটি ভয়েস নোটের কথা উল্লেখ করে বলেন, ‘নাজমুল ভয়ার্ত কণ্ঠে বলেছে—আমাদের বাঁচান, যদি উদ্ধার না করেন তবে আমাদের মরদেহটাও হয়তো বাংলাদেশে যাবে না। আমাদের নির্যাতন করছে।’ লিয়াদ আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘আমাদের সন্তানদের সুস্থভাবে মায়ের বুকে ফিরিয়ে দিন।’

সম্পর্কিত