চুয়াডাঙ্গায় আট স্বর্ণের বারসহ আটক ১
স্ট্রিম সংবাদদাতাচুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় মিজানুর রহমান (৬১) নামে একজনকে আটক করা হয়।
মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।
বিজিবি জানায়, বুধবার (১৫ জুলাই) দুপুরে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে দামুরহুদার মুন্সিপুর এলাকা অতিক্রম করার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, দামুরহুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহলদল সড়কে অবস্থান নেয়। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
লে. কর্নেল নাজমুল হাসান বলেন, মিজানুরকে জব্দকৃত মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
.png)






