টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ২
স্ট্রিম সংবাদদাতাটাঙ্গাইল

টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বিশ্বাস বেতকা চার রাস্তার মোড় জামে মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) এবং স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং আরও বিভিন্ন আলামত উদ্ধার হয়েছে।
মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সোর্সের সাহায্যে তদন্ত শুরু করে পুলিশ। হত্যাকাণ্ডের সময় নিহতের গলার স্বর্ণের চেইন ও হাতের বালা লুট হয়েছিল। তদন্তের সূত্র ধরে প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মূল অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মোশারফ হোসেন চুরির উদ্দেশ্যে নাজমা আলমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর নাজমার হাত ও গলার স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে নাজমাকে হত্যা করেন মোশারফ। এরপর বাড়ির সিসি ক্যামেরা ভেঙে দেন এবং স্বর্ণসহ সিসি ক্যামেরার ডিভিডি নিয়ে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, আসামিদের মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গত রোববার সকালে নিজ বাড়ি থেকে গৃহবধূ নাজমা আলমকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
.png)






