
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই সারা দেশের দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্দেশনা কার্যকর করতে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দোকানে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
এর আগে গত ৪ মে দোকান মালিক সমিতি ঈদের কেনাকাটার কথা মাথায় রেখে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন জানিয়েছিল। মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে গত ২ এপ্রিল বিদ্যুৎ সাশ্রয় করতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নিয়ম করেছিল সরকার। কিন্তু ঈদ উপলক্ষে সাধারণ মানুষের সুবিধায় সেই সময়সীমা ৩ ঘণ্টা বাড়ানো হলো।
.png)






