পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

রাজশাহীর সারদায় পুলিশ কর্মকর্তাদের অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
রাজশাহীর সারদায় পুলিশ কর্মকর্তাদের অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

রাজশাহীর সারদায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়।’ জনগণের আস্থা অর্জনে দলীয় প্রভাবমুক্ত, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ হয়।

পুলিশকে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া নতুন প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কারিগরি দক্ষতা অর্জন করতে হবে।

সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৫৮ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কর্মজীবনে প্রবেশ করেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ ছয় মাসব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ— এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন। বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম। আর বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

রাজশাহীতে সারদায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
রাজশাহীতে সারদায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

‘আগস্টে ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতার কারণে সবাই সতর্ক’

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বোমা ও বোমাসদৃশ বস্তুর উদ্ধার সম্পর্কে তিনি বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী- তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি।’ তবে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা মেনে সেগুলো পরীক্ষা করে থাকে।’

এর আগে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে আলাদাভাবে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘এই ঘটনাগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বাহিনী।’

গত ৫-৬ মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান টেনে মন্ত্রী বলেন, তুলনামূলক বিচারে দেশে বর্তমানে অপরাধ বা নাশকতার পরিমাণ অনেকটাই কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত