সিলেটে দম্পতিসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে দম্পতিসহ তিনজনের লাশ উদ্ধার। স্ট্রিম ছবি
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে দম্পতিসহ তিনজনের লাশ উদ্ধার। স্ট্রিম ছবি

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী নামে তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুস সাত্তার (৮২) সিলেট চেম্বারের সাবেক পরিচালক। তিনি ছাড়াও নিহতরা হলেন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাঁদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা।

আবদুস সাত্তারের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তার চার সন্তারে মধ্যে দুজন সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে ও দুজন ইংল্যান্ডে বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে বুধবার সকালে মিতালী বাসার দোতলায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান স্থানীয় একজন। তিনি দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটান পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

আবদুস সাত্তারের ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরের বাসায় মামা-মামি থাকতেন। তাদের সঙ্গে একজন কাজের মেয়েও থাকত। সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।

এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ জানান, ঘটনাটি ডাকাতি নাকি পারিবারিক শত্রুতার জেরে হত্যাকাণ্ড— তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি দলিলও পাওয়া গেছে। সেটিও গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। বাসার ওয়ার্ডরোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা মূল্যবান কিছু সরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার বলেন, আপাতত ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে পুলিশের বিশেষ দল সেখানে আলামত সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত