
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে। শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক হয়।
এনসিপি সূত্র জানায়, বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থানে এনসিপি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ওই আন্দোলনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল।
বৈঠকে এনসিপি নেতারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া দুই পক্ষের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-তুরস্কের তরুণদের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর বিনিময় কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন এনসিপি নেতারা।
এনসিপির পক্ষে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিম মুজাহিদ এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব হুমাইরা নূর এবং রাফে সালমান রিফাত।
.png)






