ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৩: ৫৭
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। এ নিয়ে হাসপাতালটিতে গত দেড় মাসে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।

হাসপাতালের সহকারী পরিচালক জানান, গতকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। তবে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে জেলার গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সি এক ছেলে শিশু, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ মাসের এক ছেলে এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সি এক মেয়ে শিশু রয়েছে। চিকিৎসকদের মতে, এই শিশুদের মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গের সঙ্গে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার জটিলতা ছিল।

এদিকে বর্তমানে মমেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন রোগী। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানান হাসপাতালের ওই কর্মকর্তা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত