বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

ট্রলারডুবি। ফাইল ছবি
ট্রলারডুবি। ফাইল ছবি

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হলেও বেলা ২টা পর্যন্ত তীরে পৌঁছায়নি। নিহতদের পরিবার ও কোস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১টার দিকে হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে নিহত পাঁচ জেলে হলেন বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), আবদুল কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

জেলে আবদুল কাওসারের ভাই মো. হারুন বলেন, ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তাঁদের পরিবারের কাছে খবর এসেছে। তবে সাগর উত্তাল থাকায় তাদের মরদেহ এখনো পাথরঘাটায় আনা সম্ভব হয়নি।

ট্রলারের বাবুর্চি ও উদ্ধার হওয়া জেলে ইউনুস মোল্লা বলেন, হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড তুফান শুরু হয়। তখন আমরা জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলাম। কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের (ছাউনি) ভেতরে ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

ইউনুস মোল্লা বলেন, ট্রলারটি উল্টে যাওয়ার পর ১৩ জনের মধ্যে ৮জন সাগরে ঝাঁপিয়ে পড়েন। বাকি পাঁচজন ব্রিজের ভেতরে আটকা পড়েন। পরে তাঁদের কী হয়েছে, তখন আর জানা সম্ভব হয়নি। তিনি জানান, সাগরে ঝাঁপ দেওয়া আট জেলে দুই-তিন ঘণ্টা ভেসে ছিলেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে।

ট্রলারের মালিক আশরাফ উদ্দিনের বড় ভাই মহিউদ্দিন এসমে বলেন, পাঁচ দিন আগে মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে গভীর সাগরে যায় এফবি বরকত। সোমবার বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা তিনি শুনেছেন।

বরগুনা জেলা ট্রলার মৎস্যজীবী মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি বলেন, নিখোঁজ পাঁচ জেলেসহ ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। সেখানে পাঁচ জেলের মরদেহ উদ্ধারের কথা শোনা গেছে।

পাঁচ জেলের মরদেহ উদ্ধারের কথা শুনেছেন জানিয়ে পাথরঘাটা ইউএনও তাপস পাল বলেন, বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের (ভোলা) একজন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে সোমবার রাতেই স্থানীয়ভাবে একটি ট্রলার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি উদ্ধারকারী নজর না থাকায় আমরা গভীর সমুদ্রে যেতে পারেনি। মঙ্গলবার স্থানীয় জেলেরা নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করেছেন। তাদের পাথরঘাটায় নিয়ে আসা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত