সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলার অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

সিলেটের গোলাপগঞ্জে ভাঙচুরের শিকার এনসিপির গাড়ি। ভিডিও থেকে নেওয়া ছবি
সিলেটের গোলাপগঞ্জে ভাঙচুরের শিকার এনসিপির গাড়ি। ভিডিও থেকে নেওয়া ছবি

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ৩টির দিকে পাঁচ মাইল বাজারে হামলা মুখে পড়ে গাড়িবহরটি। এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ এনসিপির।

দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাদের ওপর আক্রমণ করেছে। এর ৩০ মিনিট আগে আরেক পোস্টে তিনি লেখেন, সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা করেছে বিএনপি। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।

জেলার গোলাপগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনের এক শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাটে পথযাত্রায় যাওয়ার পথে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে এই হামলা করা হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সিলেট জেলা যুবশক্তির সাংগঠনিক সম্পাদক তারেক জামিল বলেন, ‘শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে আমরা কানাইঘাটের পথযাত্রায় রওনা হই। শহর ছাড়ার সময় কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক অতর্কিতভাবে আমাদের গাড়িবহরে হামলা চালায়।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। জেলা শহরের টাউন হলে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে শেষে ফিরছিলেন তারা।

হামলার প্রতিবাদে গতকাল হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার এক পর্যায়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর মধ্যেই গতকাল হবিগঞ্জে শহরে বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন এনসিপি নেতারা।

হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। থানার ওসি জাহিদ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত