মন্ত্রণালয় বণ্টনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী কে পেলেন কোনটি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মন্ত্রিসভার সাত সদস্যের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।
শুক্রবার (২১ আগস্ট) রাতের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. আবদুল মঈন খানকে। আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে ছয় মাসের ব্যবধানে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানের সরকারের এই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীকে। তাঁর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান, যিনি গত ১ জুন পদত্যাগ করেন।
বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আব্দুল বারী।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই মন্ত্রণালয়ে বর্তমানে দুজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। যদিও নিকট অতীতে কোনো মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী দেখা যায়নি। খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। তখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর একাধিকবার মন্ত্রিসভায় দপ্তর পরিবর্তন ও নতুন সদস্য যুক্ত করা হয়। এখন আবার মন্ত্রিসভা সম্প্রসারণ করা হলো।
সবমিলিয়ে বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এখন ৫১ জনে দাঁড়াল। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ এবং প্রতিমন্ত্রী ২৪। আগে মন্ত্রিসভা ছিল ৪৮ সদস্যের। প্রধানমন্ত্রী ছাড়া ২৪ মন্ত্রী এবং ২৩ প্রতিমন্ত্রী।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। ফলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টার সংখ্যা ১০ জনই থাকলেন।
.png)







