জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ সহ তিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
স্ট্রিম ডেস্ক

জর্ডানে যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেখানে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। খবর আল জাজিরার।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও নিয়ন্ত্রণকেন্দ্র।
তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাঙ্কারেও আঘাত হানা হয়েছে।
ইরানের হামলার আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
.png)



-7bb02b-256x144.webp)


