তারাপীঠ মন্দিরসংলগ্ন হোটেলে আগুন, নিহত অন্তত ৭

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২: ৪৫
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। সংগৃহীত ছবি
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি চারতলা হোটেলে আগুন লেগে অন্তত সাতজন পুণ্যার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে তারাপীঠ মন্দিরসংলগ্ন হোটেলটিতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আগুন লাগার সময় হোটেলের অতিথিরা ঘুমে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ শুরু করেন।

ঘটনার বিবরণ দিয়ে বীরভূমের পুলিশ সুপার (এসপি) বিদিত রাজ বুন্দেশ সাংবাদিকদের জানান, ভোর প্রায় ৫টার দিকে তারাপীঠ থানায় একটি লজে আগুন লাগার খবর আসে। হোটেলটি চারপাশ থেকে কাচের প্যানেল ও দরজা দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে ভেতরে জমে থাকা ধোঁয়া বা আগুনের শিখা দেখা যাচ্ছিল না।

তিনি জানান, অগ্নিকাণ্ডে সাতজন মারা গেছেন এবং ২২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার খবর পাওয়ার পরপরই তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তথ্যসূত্র: দ্য হিন্দু

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত