২২ কোটি ডলারের তেল নিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়াল ইরানের ট্যাংকার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০: ১০
ইরানিয়ান ট্যাংকার। ছবি: সংগৃহীত
ইরানিয়ান ট্যাংকার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী ট্যাংকার। রোববার (৩ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন জাহাজটির নাম ‘হিউজ। এটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকারস জানায়, এক সপ্তাহের বেশি সময় আগে জাহাজটিকে শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।

সংস্থাটি আরও জানায়, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় জাহাজটি ইরানের জলসীমায় ছিল। এর আগে ২০ মার্চ জাহাজটি মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস বন্ধ রাখে। এতে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙেছে। আর মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর তারা ইরান সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, তাদের নৌ-অবরোধ কার্যকরভাবে কাজ করছে এবং এরই মধ্যে ইরানের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বন্দরগুলো অবরোধের কারণে দেশটি তেল রপ্তানি করতে পারছে না এবং মজুত রাখার জায়গা শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত