ইরানকে সহায়তা করা জাহাজও আটকাবে যুক্তরাষ্ট্র
তথ্যসূত্র:সিএনএন

ইরানকে সহায়তা প্রদানকারী যেকোনো দেশের জাহাজ মার্কিন নৌবাহিনীর বাধার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শুধু পারস্য উপসাগর নয়, প্রশান্ত মহাসাগরসহ অন্যান্য অঞ্চলেও এই অভিযান চলমান থাকবে।
জেনারেল কেইন বলেন, ‘নৌ-অবরোধের পাশাপাশি আমাদের যৌথ বাহিনী প্রশান্ত মহাসাগরসহ অন্যান্য অঞ্চলে যেকোনো ইরানি পতাকাবাহী জাহাজ অথবা ইরানকে সহায়তা প্রদানকারী নৌযানকে আটকাবে।’
কেইন জানান, বর্তমানে এই মিশনে প্রায় ১০ হাজার নৌ-সেনা, এক ডজনের বেশি যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
কেইন আরও জানান, মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোকে সতর্কবার্তা দিচ্ছে। যেসব জাহাজ নির্দেশ অমান্য করে অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কেইন বলেন, ‘এই অবরোধ দেশ নির্বিশেষে সকল জাহাজের ওপর প্রযোজ্য। ইরানের জলসীমা এবং আন্তর্জাতিক জলসীমা—উভয় ক্ষেত্রেই এই আইন প্রয়োগ করা হবে।’
কেইন জানিয়েছেন, অবরোধের পর এ পর্যন্ত ১৩টি জাহাজ মার্কিন সতর্কবার্তা শুনে উল্টো পথে ফিরে গেছে। তবে এ পর্যন্ত কোনো জাহাজকে সরাসরি বোর্ডিং বা শক্তি প্রয়োগ করে থামানোর প্রয়োজন পড়েনি।
.png)






